images

দেশজুড়ে / প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রবাসী বাংলাদেশি 

রোববার, ১৭ মে ২০২৬ , ০৪:৩১ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরে আলম (৪২) ও ইদ্রিস মিয়া (৪৩) নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরে আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুরে আলম ও ইদ্রিস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা করতেন। শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশ্যে ফেরার পথে আফিফ এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ওমানে গাড়ির ভেতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ, যা বলছে পুলিশ

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা দিশেহারা। আমার স্বামীর মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ করেনি। পরিবার আবেদন করলে মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আরটিভি/এমএইচজে