রোববার, ১৭ মে ২০২৬ , ১১:২০ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতের বেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
রোববার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া মৌজায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন। এ সময় ঘটনাস্থলের অদূরে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে জমির আংশিক মালিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তার সম্মতিতেই কৃষি জমি থেকে মাটি কাটার কাজ চলছিল। কৃষিজমির মাটি এভাবে কাটা আইনত দণ্ডনীয় এ বিষয়ে তিনি জানতেন না বলেও জানান। পরে ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ ছাড়া অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকেভেটর) বিকল করে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
আরটিভি/এমএইচজে