সোমবার, ১৮ মে ২০২৬ , ০৮:৪০ পিএম
সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে নিহত আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলের মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনীতে অবস্থিত বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর নামে ৫ বনকর্মী আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বিকেলে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিহত জেলে আমিনুরের মরদেহ নিয়ে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস এবং বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা করে। এ সময় তারা বনবিভাগের কর্মীদের খুঁজে খুঁজে মারধর করেন এবং বনবিভাগের ভবন ও আসবাবপত্র ভাঙচুর করেন।
এ সময় বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এদিকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই নিহত জেলে আমিনুরের মরদেহ রাখা ছিল।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে তাদের পাঁচজন আহত হয়েছেন। তাদের অফিস ও অফিসের ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।
আমিনুরের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, আমিনুরের মৃত্যুর বিষয়টি সাতক্ষীরা রেঞ্জে ঘটেনি। এটা ঘটেছে খুলনা রেঞ্জে। নিহত আমিনুরের বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে।
প্রসঙ্গত, সোমবার সকালে সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী নামে ওই জেলে নিহত হন। সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে ,আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে
ফেরেন তার সহকর্মীরা। এর পরপরই স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
আরটিভি/এমএইচজে