মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৪:৫৪ পিএম
রাজবাড়ীতে পাটকাঠিবোঝাই একটি নছিমন থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহিনুর মোল্লা (২৫) নামে এক নছিমনচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৯ মে) সকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড় মহাসড়কের পাশে একটি মার্কেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ শাহিনুর মোল্লাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
গ্রেপ্তার শাহিনুর মোল্লা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, মঙ্গলবার সকালে গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে একটি নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় শাহিনুর মোল্লাকে। এছাড়া মাদক বহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়েছে।
র্যাবের পরিচালক জানান, গ্রেপ্তার শাহিনুর মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে