মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৯:২৭ পিএম
Failed to load the video
মরুভূমির প্রাণী দুম্বা এখন আর শুধু বিদেশের খামারেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের মাটিতেও বড় পরিসরে পালন হচ্ছে এই ব্যতিক্রমী প্রাণী। কোরবানির ঈদ সামনে রেখে দুম্বা কিনতে যেমন ভিড় করছেন ক্রেতারা, তেমনি অনেকেই শুধু এক নজর দেখতে ছুটে আসছেন খামারে।
নাটোরের গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে সফল খামারি হান্নান সরকারের গড়ে তোলা খামার এখন এলাকায় বেশ আলোচনায়। গরু, ছাগল ও গাড়লের পাশাপাশি এখানে পালন করা হচ্ছে মরুভূমির প্রাণী দুম্বা।
ছোটবেলায় বাবাকে হারানোর পর দুই-একটি ছাগল পালন দিয়েই শুরু হয়েছিল হান্নান সরকারের পথচলা। সেই ছোট উদ্যোগই এখন পরিণত হয়েছে বড় খামারে।
হান্নান জানান, ভারত থেকে তিনটি মাদি ও একটি পুরুষ দুম্বা এনে শুরু করেছিলেন পালন। সেই চারটি দুম্বা থেকেই এখন খামারে রয়েছে প্রায় ৬০টি দুম্বা। এর মধ্যে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৩০টি। জাত ও আকারভেদে প্রতিটির দাম ধরা হচ্ছে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত।
খামারে দুম্বাগুলোকে খাওয়ানো হচ্ছে দেশীয় ও প্রাকৃতিক খাবার। পশুর খাদ্যের জন্য আলাদা জমিতে ঘাসও চাষ করেছেন হান্নান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা বলেন, বাংলাদেশের আবহাওয়াতেও এখন দুম্বা ভালোভাবে মানিয়ে নিচ্ছে। খামারিদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
মরুভূমির প্রাণী দুম্বা এখন নাটোরের খামারেও নতুন সম্ভাবনার নাম। ব্যতিক্রমী এই উদ্যোগ শুধু ব্যবসায় সফলতা আনছে না, অন্য খামারিদেরও করে তুলছে আগ্রহী।
আরটিভি/এআর