বুধবার, ২০ মে ২০২৬ , ০৯:৩৩ পিএম
মুন্সীগঞ্জে পরকীয়া সম্পর্ক ও দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বড় ভাই আক্তার হোসেন (৫৫) হত্যার ঘটনায় ছোট ভাই মো. জহির হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) দুপুরে সদর থানা–পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জহির হোসেন সদর উপজেলার খালইষ্ট এলাকার হাজী মো. আওলাদ হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে রাহিমা বেগম নামের এক নারী তাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সে সময় জহির হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা রাহিমাকে বাড়ি ছাড়তে বলেন। পরে রাহিমা তার আগের স্বামীকে ছেড়ে জহির হোসেনকে গোপনে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে জহিরের বিরোধ সৃষ্টি হয়।
এজাহারে মামলার বাদী নিহতের ভাই মো. ইকবাল হোসেন উল্লেখ করেন, গত ২৬ এপ্রিল দুপুরে রাহিমা বেগম, তার মামা জহিরুল ইসলাম মিল্লাত, জহির হোসেনসহ কয়েকজন খালইষ্টের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বড় ভাই আক্তার হোসেন তাদের বাধা দিলে তাকে মারধর করা হয়।
একপর্যায়ে জহির হোসেন ধারালো ছুরি দিয়ে আক্তার হোসেনের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ এপ্রিল তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মুন্সীগঞ্জ থানা–পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরটিভি/এসএস