বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০২:১৬ পিএম
নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ অর্থ বছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে মান্দা উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মান্দা উপজেলা কৃষি অফিসার মোছা. শায়লা শারমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় কৃষকের ভাগ্যের পরিবর্তন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের শুধু উৎপাদন নয়, সঠিক বিপণন ও বিক্রয়সহ সব ধরনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, মান্ধাতা আমলের কৃষি ব্যবস্থা থেকে বের হয়ে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
তিনি আরও বলেন, পার্টনার কংগ্রেসের মাধ্যমে কৃষকরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম