শনিবার, ২৩ মে ২০২৬ , ০৯:৩৫ এএম
শরীয়তপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহমেদ ব্যাপারী (৩৫) ওই গ্রামের ফজলুল হক ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান ফয়সাল। প্রথম দফায় কিছু ঘাস বাড়িতে রেখে পুনরায় মাঠে গেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি।
কাছাকাছি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন আরেক কৃষক। তিনি দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চেয়ারম্যান বাজারের ‘ডক্টরস পয়েন্ট’ নামের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, বজ্রাঘাতে কৃষক ফয়সালের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/আইএম