শনিবার, ২৩ মে ২০২৬ , ১২:১৭ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সকাল থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নং সিএন্ডবি বাজারে তিনশতাধিক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার ব্যাপারীর নেতৃত্বে সকাল থেকে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা দেখা যায়।
গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট রাজীবুল আলম ব্যাপারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং স্বাগত জানাতে সকাল থেকেই মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। এখনও অনেক নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছেন।
শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার ব্যাপারী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দিয়ে দেশের সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত ব্যাপারী, ছাত্রদল নেতা রিফাত ব্যাপারীসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম