রোববার, ২৪ মে ২০২৬ , ০৮:৫৩ এএম
পাবনার ঈশ্বরদীতে ৪ বছর বয়সী এক মেয়েশিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাহাত প্রামাণিক ওই এলাকার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, অভিযুক্ত রাহাত আমাদের প্রতিবেশী। সে কিছুদিন ধরে আমার মেয়েকে কোলে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করে আসছিল। আজ দুপুরে বাড়ির সামনে আমার মেয়ে খেলাধুলা করছিল। এসময় তাকে কোলে তুলে আদর করার ছলে বাড়িতে নিয়ে যায় রাহাত। এক পর্যায়ে সে আমার মেয়েকে ঘরের ভেতর নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে শ্লীলতাহানি করে। পরে আমার মেয়ের কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে তার মা রাহাতের বাড়িতে গেলে রাহাত তাকে ছেড়ে দেয়। এরপর কান্না করার কারণ জানতে চাইলে মেয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে রাহাতের আচরণ সম্পর্কে জানায়। বিষয়টি শোনার পর বুঝতে পারি রাহাত আমার মেয়েকে শ্লীলতাহানি করেছে।
তিনি আরও বলেন, এরপর আমি ও আমার স্ত্রী ঈশ্বরদী থানায় গিয়ে লিখিত অভিযোগ করি। পরে পুলিশ অভিযুক্ত রাহাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আমরা আমাদের ছোট্ট শিশুর সাথে হওয়া এমন জঘন্য ঘটনার সঠিক বিচার দাবি করছি।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে অভিযুক্ত রাহাতের নিজ বাড়িতে অভিযান চালিয়ে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চার বছর বয়সী শিশুকে শ্লীলতাহানির ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।
আরটিভি/এমএইচজে