রোববার, ২৪ মে ২০২৬ , ১১:২২ এএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সঠিক নিয়মে কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, ভেটেরিনারি সার্জন ডা. এ.বি.এম জুনাঈদ রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সফিকুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আলী হোসাইন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রসাশন ও পৌর প্রসাশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, পাদুকাশিল্পী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা আসন্ন ঈদুল আজহায় ধর্মীয় অনুশাসন মেনে ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাইয়ের নিয়মকানুন তুলে ধরেন। একইসঙ্গে দেশের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো এবং প্রাথমিকভাবে লবণ দিয়ে তা দ্রুত ও বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, কোরবানি যাতে পরিবেশবান্ধব হয় এবং চামড়ার গুণগত মান যেন বজায় থাকে, সে লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এ সময় তিনি নির্দিষ্ট স্থানে পশু জবাই এবং দ্রুত বর্জ্য অপসারণে সবার সহযোগিতা কামনা করেন।
আরটিভি/আইএম