এক্সপ্রেসওয়ে থেকে গরুর ট্রাক ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৪ মে ২০২৬ , ১১:১১ এএম


এক্সপ্রেসওয়ে থেকে গরুর ট্রাক ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ছবি: আরটিভি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় গরুর মালিক হেলাল উদ্দিন (৪৮), জহিরুল হক (২৮) এবং ট্রাকচালক মো. তৈয়ব (২১) আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর এলাকা থেকে ৫টি কোরবানির গরু বোঝাই করে ট্রাকটি ঢাকার দোহার উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে। পরে চালক ও গরুর মালিকদের মারধর করে তারা ট্রাকসহ গরুগুলো নিয়ে পালিয়ে যায়।

ছিনতাই হওয়া ৫টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। আহতদের মধ্যে হেলাল উদ্দিন ফরিদপুর সদর এলাকার শাহ জালালের ছেলে এবং জহিরুল হক একই এলাকার মো. মোতালেবের ছেলে। ট্রাকচালক তৈয়ব ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, ট্রাকটি বেজগাঁও এলাকায় শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কে প্রবেশের সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, ভুক্তভোগীদের কাছ থেকে মৌখিকভাবে ঘটনার বিস্তারিত জানা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission