images

দেশজুড়ে / রাজধানী

খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’ কোথায়?

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৯:২৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। 

শনিবার (২৪ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে ৪৫ মণের এই বিশাল আকৃতির ষাঁড়টি বিক্রি করেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার খামারি সোহাগ মিয়া।

সোহাগ মিয়া জানান, দীর্ঘ সাত বছর ধরে সন্তানের মতো করে গরুটিকে লালন-পালন করেছেন তিনি। শুরুতে গরুটির দাম ২২ লাখ টাকা চাইলেও শেষ পর্যন্ত সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে ২০ লাখ টাকায় বিক্রি করেন।

তিনি বলেন, ষাঁড় বিক্রির এই টাকা দিয়ে আমি বড় একটি গরুর ফার্ম করতে চাই। যিনি গরুটি কিনেছেন তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। এখন পরিবারসহ সিলেটে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন
7ujm

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৯ গরু কোরবানির ঘোষণা

সোহাগের স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘এত বছর পেলে-পুষে গরুটি বড় করেছি। যদিও একটু খারাপ লাগছে। তবে আমরা ভালো দাম পেয়েছি। এ দিয়ে আমরা ভালোভাবে দিনযাপন করতে পারব।’

জানা গেছে, ‘কালো মানিক’ প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার ছিল। বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতেন সোহাগ মিয়ার বাড়িতে।

এর আগে গত বছর ‘কালো মানিক’কে উপহার হিসেবে খালেদা জিয়ার কাছে নিয়ে যান সোহাগ। পরে পরিবারের সচ্ছলতার জন্য গরুটি কাজে লাগানোর পরামর্শ দেয়া হলে সেটি আবার নিজ বাড়িতে ফিরিয়ে এনে লালন-পালন করতে থাকেন খামারি সোহাগ মিয়া।

আরটিভি/ এসকেডি