images

দেশজুড়ে

খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত 

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০১:০৩ পিএম

যশোরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়ার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং একই এলাকার ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই শিশু বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা পুকুরপাড়ে একটি কৌটাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত শিশু দুটি সেটি নিয়ে নাড়াচাড়া শুরু করলে হঠাৎ তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন
9

ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, যে দৃশ্য কাঁদাল সবাইকে

জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, ককটেল বিস্ফোরণে শিশুদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে একজনের চোখ-মুখ এবং অপরজনের মুখসহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। শিশুদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর জখম হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, জনবসতিপূর্ণ এলাকার পাশে কারা, কী উদ্দেশ্যে এই বিপজ্জনক বিস্ফোরক ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আরটিভি/আইএম