শনিবার, ৩০ মে ২০২৬ , ০২:৪৮ পিএম
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নতুন প্রজন্মকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে এবং এ লক্ষ্যে তাকে নিয়ে রচিত বইগুলো তরুণদের পড়ার সুযোগ করে দিতে হবে।
শনিবার (৩০ মে) যশোর শহরের লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে মিশে আছেন। তার দেশপ্রেম ও সততার কথা শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ জানে। আর সে কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে অজস্র অপপ্রচার চালালেও শহীদ জিয়ার সততা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল স্লোগান হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মানুষ এই স্লোগানকে মনে-প্রাণে গ্রহণ করেছে বলেই আজ বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছে। এই চেতনাকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার ওপরে স্থান দিয়ে বর্তমান সরকার একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।
আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশিদের হাতেই নিরাপদ থাকবে বলে এ সময় তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ যশোরে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকেই দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সূত্র: বাসস
আরটিভি/আইএম