সোমবার, ০১ জুন ২০২৬ , ০২:০৬ পিএম
পটুয়াখালীতে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রাব্বি (১৮) ও আবির (১৬) নামে আরও দুই কিশোর আহত হয়েছে। একইসঙ্গে মিম নামের এক পথচারীও গুরুতর আহত হয়েছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক পথচারী নারী রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলো। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়। একইসঙ্গে ওই পথচারী নারীও আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে, গুরুতর আহত পথচারী মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন বলেন, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জিসান নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/আইএম