images

দেশজুড়ে

‘নানাভাই বাহিনী’র এক সহযোগী আটক

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০১:০১ পিএম

বনসদ্যুদের জন্য বাজার করে নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে দস্যু ‘নানাভাই’ বাহিনীর এক সহযোগীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

সোমবার (১ জুন) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক বনদস্যু সহযোগীর নাম নওয়াব আলী গাজী (৫০)। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘নানাভাই বাহিনী’র সহযোগী হিসেবে নওয়াব আলী কাজ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে হরিনগর বাজার থেকে বনদস্যুদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় মালামাল কেনার সময় স্থানীয় জনতা তাকে সন্দেহজনকভাবে আটক করে। পরে তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বনদস্যুদের সহযোগিতা করার বিষয়টি স্বীকার করেন। এ সময় তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে চালের বস্তা থেকে চার বোতল বিষ উদ্ধার করা হয়। এ ছাড়া চাল, ডাল, লবণ, শ্যাম্পুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যায় তার কাছে।

আরও পড়ুন
Web-Image7

জেলের জালে ধরা পড়ল ১২ কেজির ভেটকি মাছ 

স্থানীয় বাসিন্দা মিয়ারাজ, আবু রায়হান, মাসিদুর রহমান বাবু ও ফারুক হোসেনসহ কয়েকজন অভিযোগ করে বলেন, নওয়াব আলীকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। তাদের দাবি, তিনি বনদস্যুদের জন্য নিয়মিত বাজার-সদাই সরবরাহের পাশাপাশি বিভিন্ন সময় বনদস্যুদের পক্ষে কার্ড (চুক্তিপত্র) তৈরির কাজও করতেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৬ জুন সুন্দরবন সংলগ্ন মীরগাং এলাকা থেকে নওয়াব আলীর ভাই নজির গাজীকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি দাসহ আটক করে পুলিশে দেয় জনতা।

সূত্র: বাসস

আরটিভি/আইএম