images

দেশজুড়ে

চট্টগ্রামে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১২:১০ পিএম

চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মিছিলে অংশগ্রহণ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বোচ্চ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে খুলশী থানা এলাকা থেকে। এছাড়া বায়েজিদ বোস্তামী থানা থেকে ১২ জন, কোতোয়ালী ও পাঁচলাইশ থানা থেকে ১০ জন করে, ডবলমুরিং থানা থেকে সাতজন এবং অন্যান্য থানায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
Web-Image---Copy

আশুলিয়ায় হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

এর আগে, সোমবার (১ জুন) সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে সানমার টাওয়ার ওয়ানের সামনের সড়ক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

আরটিভি/এমএইচজে