বুধবার, ০৩ জুন ২০২৬ , ০১:৫২ পিএম
রাজবাড়ী সদর উপজেলায় সাত বছর বয়সী এক শিশু কন্যাকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার এক আত্মীয়ের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার(২জুন) রাতে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন শিশুটির মা।
মামলার অভিযুক্ত ব্যক্তি মূলত রাজবাড়ীর কালুখালী উপজেলার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলায় তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
মামলার এজাহার ও শিশুটির মায়ের অভিযোগ থেকে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের আগের দিন বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার সময় শিশুটিকে ঘরের ভেতর রেখে তার মা বাড়ির আঙিনায় গরুর জন্য ঘাস কাটছিলেন। ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ভেতরে প্রবেশ করে এবং শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে মা দ্রুত ঘরে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাটি ঈদের আগের দিনের হলেও মামলা করতে বিলম্ব হওয়ার বিষয়ে শিশুটির মা জানান, ঘটনার পর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের অনুরোধ এবং সামাজিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু দিন দিন শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়তে থাকে। মেয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে অবশেষে বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজবাড়ী সদর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বুধবার সকালে জানান, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এসকে