images

দেশজুড়ে

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কোপালেন ছেলে

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৫:৩৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করা হয়।

গুরুতর আহত তার বাবা কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এর আগে মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ডের কাছে স মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি নতুন মোবাইল কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তবে আর্থিক সংকটের কারণে কামাল মিয়া তা কিনে দিতে না পারায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে বাবার ওপর হামলা চালান। এতে কামাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নগরীর খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

কবরের পাশের ফুলগাছ চুরি, সারা গ্রামে গাছ লাগিয়ে যুবকের অভিনব প্রতিবাদ

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম গণমাধ্যমকে জানান, মোবাইল কেনা এবং আর্থিক লেনদেনের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এমএইচজে