images

দেশজুড়ে

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৬:৩৪ পিএম

রাজশাহী সিটি করপোরেশনের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী এক বছরে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার (৩ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে বৃক্ষরোপণের মাধ্যমে নগরজুড়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুন
Web-Image---Copy

কবরের পাশের ফুলগাছ চুরি, সারা গ্রামে গাছ লাগিয়ে যুবকের অভিনব প্রতিবাদ

বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হলো, যা চলমান থাকবে। নগরবাসীর সহযোগিতায় আমরা এই উদ্যোগকে সফল করতে চাই।

নগরবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর আসনার উদ্দিন, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ মতিহার থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরটিভি/এমএইচজে