শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৬:৪৬ এএম
চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আকিব হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়-বৃষ্টির মধ্যেই দ্রুতগতিতে চলাচলকারী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো-গ-১৫-৫২৪২) এবং একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আকিব হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের পকেটে পাওয়া একটি ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং ওষুধ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএইচজে