images

দেশজুড়ে

হরিণ শিকারে গিয়ে সঙ্গীর গুলিতে নিহত ১

শনিবার, ০৬ জুন ২০২৬ , ১০:২৯ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে হরিণ শিকার করতে গিয়ে সঙ্গীর ছোঁড়া গুলিতে মোহাম্মদ জমিল উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাউজান থানাধীন হলুদিয়া ইউনিয়নের রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জমিল উদ্দিন ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরাম এলাকার ‘বলির বাপের বাড়ি’র তুফায়েল আহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বা আজ শনিবার এলাকার ৫-৬ জন প্রতিবেশী মিলে রাউজান থানার হলুদিয়া রাবার বাগান বনাঞ্চলে হরিণ শিকারের উদ্দেশ্যে বের হন। বনের ভেতর শিকারের একপর্যায়ে অসাবধানতাবশত তাদের নিজেদের দলেরই কারো বন্দুকের গুলি সরাসরি জমিল উদ্দিনের গায়ে লাগে। এতে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় সঙ্গীরা ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে গেল রিফাত, অতঃপর...

এর আগে ঘটনাটি ফটিকছড়ির সর্তা বিট এলাকায় ঘটেছে বলে প্রাথমিক গুঞ্জন ছড়ালেও, পরবর্তী অনুসন্ধানে জানা যায় ঘটনার মূল স্থান রাউজান থানার হলুদিয়া ইউনিয়ন।

এ ব্যাপারে ফটিকছড়ি ও রাউজান থানা পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সময় সাথে থাকা ৫-৬ জন প্রতিবেশীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে