images

দেশজুড়ে

বরিশালে ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রোববার, ০৭ জুন ২০২৬ , ০১:২৮ পিএম

বরিশালের হিজলায় মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ অপু সিকদারের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৭টার দিকে মেঘনার দুর্গাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলে ও স্বজনেরা।

নিহত অপু সিকদার উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাবুল সিকদারের ছেলে। তিনি শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। প্রায় ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

জানা গেছে, ট্রলারে ঢাকা থেকে সিমেন্ট নিয়ে হিজলা বন্দরে ফিরছিলেন তারা। সন্ধ্যায় ট্রলারটি মেঘনা নদীর হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৌঁছালে ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বিকট শব্দের মধ্যে ট্রলারে থাকা চারজনের মধ্যে অপু সিকদার নদীতে পড়ে যান। একই ঘটনায় আলমগীর সিকদার (৩০) নামে এক শ্রমিক জ্ঞান হারান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জ্ঞানহারা আলমগীরকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পর থেকেই নিখোঁজ অপু সিকদারের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়।

হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল গণমাধ্যমকে বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে