বুধবার, ১০ জুন ২০২৬ , ১১:৫৪ এএম
নওগাঁয় চুরি হওয়া একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক দম্পতিও রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বদলগাছি উপজেলার বারাতৈল নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পার নওগাঁর মো. হারুনের ছেলে মো. শহীদ (৩৮), তার স্ত্রী মোসা. জেসমিন খাতুন (৩০) ও রজকপুর ধোপাপাড়ার মো. লটুয়ার ছেলে সাগর ইসলাম (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বদলগাছি থানার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগমের (৪৯) বাড়ির উঠান থেকে একটি ছাগল চুরি হয়। চোরেরা ছাগলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে যান এবং তাদের ধাওয়া করেন।
ওই সময় এলাকায় টহল ডিউটিতে ছিল বদলগাছি থানা পুলিশের একটি দল। জনতা ও টহল পুলিশের যৌথ প্রচেষ্টায় ধাওয়া করে উপজেলার বারাতৈল নামক স্থান থেকে চোর চক্রের ৩ সদস্যকে অটোরিকশা ও চুরি যাওয়া ছাগলসহ ধরা হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর। স্থানীয় জনগণের তাৎক্ষণিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে টহল পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে চোর চক্রটিকে ছাগল ও ব্যবহৃত গাড়িসহ ধরা সম্ভব হয়েছে। জেলাজুড়ে চুরি-ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী নাজমা বেগম বাদী হয়ে বদলগাছি থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আরটিভি/আইএম