images

দেশজুড়ে

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

বুধবার, ১০ জুন ২০২৬ , ০১:৩১ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিট বন্ধ রয়েছে।

চালু থাকা ২ ইউনিট থেকে মাত্র ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বুধবার (১০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান গণমাধ্যমকে বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর দিন দিন কমতে থাকে। চলতি সপ্তাহে মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আজকের তারিখে যেখানে কাপ্তাই লেকে রুল কার্ভ অনুযায়ী পানির লেভেল ৭৮ দশমিক ৩৪ ফুট মিন সি লেভেল থাকার কথা সেখানে আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৩ দশমিক ৯১ ফুট মিন সি লেভেল। এখনও পানির লেভেল ৪ দশমিক ৪৩ ফুট মিন সি লেভেল কম আছে।

আরও পড়ুন
Web-Image

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার মাঝেও ময়মনসিংহে মেলায় ২৫০ কেভিএ ট্রান্সফরমার

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত ২টি ইউনিট থেকে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ২নং ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩নং ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

মুষলধারে বৃষ্টি না হলে বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

আরটিভি/এমএইচজে