শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৫:৫৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে কারিমা (৮) এবং একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাত (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কয়েকজন শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে কারিমা ও ইসরাত। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের খুঁজে পাওয়া যায়নি।
গ্রাম পুলিশ মো. কাজল জানান, দুই শিশু নদীতে ডুবে যাওয়ার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দুপুর ২টা ৪০ মিনিটে কারিমার মরদেহ উদ্ধার করে। পরে বিকেল ৪টা ১০ মিনিটে ইসরাতের মরদেহও উদ্ধার করা হয়।
চরবাগডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরটিভি/এমএম