শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৩:৪০ পিএম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসককে মারধর করা হয়েছে। এ ঘটনার পর জরুরি সেবা বন্ধ রয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে এ ঘটনায় হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিসিইউতে ভর্তি থাকা এক রোগীর জন্য জরুরি ভিত্তিতে অক্সিজেন মাস্ক প্রয়োজন হয়। তাৎক্ষণিকভাবে পাওয়া না যাওয়ায় রোগীর মৃত্যু ঘটে। এরপর ক্ষুব্ধ স্বজনরা ডিউটিরত চিকিৎসকের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর চিকিৎসকরা জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন এবং মরদেহ মর্গের সামনে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে রোগীর স্বজনরা মরদেহ হস্তান্তরের দাবিতে হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্বজনদের দাবি, চিকিৎসায় অবহেলার কারণেই তাদের প্রিয়জনের মৃত্যু হয়েছে।
তারা অভিযোগ করেন, নিজেদের অবহেলা আড়াল করতেই চিকিৎসকরা মরদেহ আটকে রেখেছেন। তাদের ভাষ্য, এটি চরম ধৃষ্টতা এবং তারা এর সুষ্ঠু বিচার চান।
অন্যদিকে চিকিৎসকদের দাবি, রোগীর চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। বরং অকারণে স্বজনরা দায়িত্বরত চিকিৎসকের ওপর আক্রমণ চালিয়েছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান চিকিৎসক ও রোগীর স্বজনদের নিয়ে আলোচনায় বসেছেন।
তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে। খুব দ্রুত সমাধান হবে।’
আরটিভি/এসএস