রোববার, ১৪ জুন ২০২৬ , ০৭:৪৬ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিল ওই এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরে চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন সাকিল। হঠাৎ ট্রাক্টরটির চাকা খুলে যায়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এমএম