রোববার, ১৪ জুন ২০২৬ , ০৮:৩৮ পিএম
রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) ভোরে রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্র জানা গেছে, গত ১৩ জুন ভোরে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের গোপীনাথদিয়া এলাকায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার-ফেস্টুন বহন করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে এ দিন বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হায়দার আলী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমএম