রোববার, ১৪ জুন ২০২৬ , ০৯:৪১ পিএম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠায়।
রোববার (১৪ জুন) সকাল আটটার দিকে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর উপপিলার এলাকায় এ ঘটনা ঘটে।
এ দিন বিকেল তিনটা পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখে বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। ডোবার এপারে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা। অপর পাশে ছিলেন বিএসএফ সদস্যরা।
স্থানীয়দের ভাষ্য, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ তাদের কাছে এসে খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোরের দিকে বিএসএফ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে কৃষকেরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানান।
হাটখোলা গ্রামের বাসিন্দা বাবু হোসেন বলেন, বৃদ্ধ লোকটি খুব তৃষ্ণার্ত ছিলেন। তিনি এপারে এসে পানি খেতে চেয়েছিলেন। আমরা তাকে পানি খাওয়াই। পরে বিজিবির সদস্যরা এসে তাকে ভারতীয় সীমান্তে ফেরত পাঠান। কিন্তু বিএসএফ তাকে আবার শূন্যরেখায় বসিয়ে রাখে।
তিনি আরও বলেন, ভারতের মথুরাপুর বিএসএফ ক্যাম্পের কাছে অনেক লোকজনকে জড়ো করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের আশঙ্কা, তাদেরও বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হতে পারে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, বিএসএফ এক বৃদ্ধকে বাংলাদেশে পুশ ইন করেছিল। আমরা তাকে পুশব্যাক করেছি। তিনি ভারতের নাগরিক।
এ রিপোর্ট লেখা বিকেল সোয়া তিনটা পর্যন্ত সীমান্তে পুশ ইন চেষ্টা করছিল বিএসএফ। এ নিয়ে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে।
আরটিভি/এমএম