images

দেশজুড়ে

টোল ফাঁকি দিতে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢুকে পড়ে কাভার্ডভ্যান, অতঃপর...

সোমবার, ১৫ জুন ২০২৬ , ১১:২৮ এএম

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রবেশ করা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক দিনমজুর নিহত হয়েছেন। 

সোমবার (১৫ জুন) সকাল ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোরাব মোল্লা (৭০) পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের মুনসুর মোল্লার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তোরাব মোল্লা একটি অটোভ্যানে করে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে সার্ভিস লেন দিয়ে মালিগ্রামের দিকে যাচ্ছিলেন। একই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান এক্সপ্রেসওয়ের টোল এড়াতে মালিগ্রাম এলাকা দিয়ে সার্ভিস লেনে প্রবেশ করে ভাঙ্গার দিকে আসছিল। 

এ সময় কাভার্ডভ্যানটি হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা তোরাব মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত অটোভ্যানচালককে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image6

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

স্থানীয়দের ভাষ্য, এক্সপ্রেসওয়ের টোল এড়াতে প্রায়ই বড় ট্রাক, কাভার্ডভ্যান ও বাস সার্ভিস লেন ব্যবহার করে। এতে সাধারণ মানুষের জন্য ঝুঁকি বাড়ছে এবং প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা সজিব মাতুব্বর বলেন, টোল ফাঁকি দিতে ভারী যানবাহনগুলো নিয়মিত সার্ভিস লেন ব্যবহার করে। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/আইএম