images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৮:৫১ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতা এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২৫/৩-আর-এর বিপরীতে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। এ সময় ওই নারীকে সীমান্তের শূন্যরেখাসংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়।

আরও পড়ুন
ghju

হত্যার পর স্ত্রীকে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখেন স্বামী

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক জানান, ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি সতর্ক অবস্থানে থেকে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সীমান্ত এলাকার জনগণও সচেতন অবস্থানে থেকে বিজিবিকে প্রয়োজনীয় সহযোগিতা করছে।

আরটিভি/টিআর