images

দেশজুড়ে

খুলনায় তেলবাহী ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০২:৪৬ পিএম

খুলনার ফুলতলায় জ্বালানি তেলবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও কলেজ শিক্ষার্থীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার যুগ্নীপাশা এলাকার এতিমখানা মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৮ জনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ১৬ জনকে যশোর জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সকালে যশোর থেকে খুলনাগামী একটি জ্বালানি তেলবাহী ট্রাক চলাচলের সময় হঠাৎ এর একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন
Web-Image---Copy

জামায়াত নেতা মঞ্চে উঠতেই ভুয়া ভুয়া স্লোগান

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরপরই তেলবাহী ট্রাকটির পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের যাত্রীবাহী একটি বাস সামনে থাকা ট্রাকটিকে এড়িয়ে যেতে না পেরে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বাস দুটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণে কিছুসময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারিও তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তৌহিদ জানান, ত্রিমুখী সংঘর্ষে মোট ২৪ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় সড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরটিভি/এমএ