images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় এবার ১৪৪ ধারা জারি

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৩:৫৬ পিএম

সবকিছু সম্ভবের জেলা যেন ব্রাহ্মণবাড়িয়া। তুচ্ছ ঘটনায় তুমুল মারামারি থেকে শুরু করে হামলা-মামলার নিত্যনতুন ঘটনার এক অলিখিত কেন্দ্র হয়ে গেছে এই জেলাটি। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, কেউই পিছিয়ে নেই এসব ঘটনায়।

এবার জেলাটির কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে একই স্থানে ও একই সময়ে পৃথক দুটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে একটি পক্ষ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মুশফিকুর রহমান এমপিকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ র‍্যালির আয়োজন করে।

অপরদিকে, আরেকটি পক্ষ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে আলোচনা সভার আয়োজন করে। ওই সভায় কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

একই স্থান ও সময়ে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করে। এর ফলে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image18

অস্ত্র-মাদকসহ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা জারির পর থেকে কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আরটিভি/এসএস