বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৭:১৩ পিএম
রাঙামাটির লংগদু উপজেলায় টানা ভারী বর্ষণ ও কাপ্তাই লেকের পানির তীব্র স্রোতে বসতঘর হারিয়ে নিঃস্ব হওয়া সমির আলীকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আরটিভি অনলাইনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিশেষ নির্দেশনায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত সমির আলীকে নগদ অর্থ, ঢেউ টিন ও শুকনো খাবার সরবরাহ করা হয়।
এর আগে, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা ও স্রোত ব্যাপক বৃদ্ধি পায়। তীব্র এই স্রোতের কারণে উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারংছড়ি এলাকার লেকের পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দেয়। একপর্যায়ে গত ১৭ জুন (বুধবার) সকালে পানির তোড়ে সমির আলীর বসতঘরটির নিচের মাটি সম্পূর্ণ সরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো ঘরটি ভেঙে লেকের স্রোতে ভেসে যায়। আকস্মিক এই বিপর্যয়ে ঘরের আসবাবপত্র বা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন ভুক্তভোগী সমির আলী।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর দ্রুত সরকারি সহায়তা পাওয়ায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার প্রশাসন এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুর্যোগের মুহূর্তে প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আরটিভি/এমএইচজে