রোববার, ২১ জুন ২০২৬ , ০৮:৩৪ পিএম
কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা চালক মাহবুব আলম ওরফে মাসুম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ জুন) জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ জানায়, শনিবার (২০ জুন) উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার রাস্তার পাশের ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে মাহবুব তার অটোরিকশা নিয়ে দুই যাত্রীকে বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার তদন্তে পুলিশ প্রথমে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলাম (২৩)কে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান সরকার (২০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে চালক মাহবুবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএম