images

দেশজুড়ে

আরটিভির সংবাদের পর অভিযান, ৪১ কেজিতে মণ নেওয়ায় জরিমানা

সোমবার, ২২ জুন ২০২৬ , ০২:০৯ পিএম

নওগাঁর মান্দায় ৪০ কেজির পরিবর্তে ৪১ কেজিতে এক মণ ধান কেনার অনিয়ম নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশের পর মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলার ঐতিহাসিক পাঁজরভাঙ্গা ধানের হাটে অভিযান চালিয়ে দুই আড়তদারকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাঁজরভাঙ্গা ধানের হাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন
dhan

প্রচলিত নিয়ম উধাও: মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার পাঁজরভাঙ্গা ধানের হাটসহ বিভিন্ন বাজারে প্রচলিত নিয়মের বাইরে ৪০ কেজির পরিবর্তে ৪১ কেজিতে এক মণ হিসেবে ধান কেনা হচ্ছিল। এতে কৃষকদের অতিরিক্ত এক কেজি ধান দিতে বাধ্য করা হতো, ফলে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। বিষয়টি নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশের পর প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অমান্য করে ৪১ কেজিতে মণ হিসেবে ধান কেনার দায়ে উপজেলার চকরামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে আড়তদার সাইদুর রহমান এবং এলাঙ্গা গ্রামের আতাবুর রহমানের ছেলে হাবিবুর রহমানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ৪১ কেজিতে মণ হিসেবে ধান কেনা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম