images

দেশজুড়ে

মাদক সেবনের দায়ে পাঁচজনের কারাদণ্ড

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০:৪৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে কসবা থানা পুলিশ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মীরশাহাপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. বাবুল (৩০), মাদলা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়া (২২), কুটি দক্ষিণপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে মো. শরিফ মিয়া (৩০), কুটি গ্রামের মৃত কালন সরদারের ছেলে দেলোয়ার (৩৫) ও কুটি পশ্চিমপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে আকরাম (৩০)।

আরও পড়ুন
Web-Image5

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বখাটের কারাদণ্ড

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কসবা থানা সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/আইএম