বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৯:৩২ পিএম
গাজীপুরের টঙ্গীতে চতুর্থ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে কামরুজ্জামান (৫৪) নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টঙ্গীর নামাবাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শিক্ষক কামরুজ্জামান পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলা গনিয়া গ্রামের বাসিন্দা। তিনি নামাবাজার বস্তির 'আসহাবে সুবফা ইসলামিয়া নূরানী মাদরাসায়' শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষক কামরুজ্জামান ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে মাদরাসার পাশের একটি দোকানের ভেতরের রুমে বসান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হলে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করে দোকান থেকে বেরিয়ে আত্মরক্ষা করে।
পরবর্তীতে শিশুটি বাসায় ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি বিস্তারিত জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে আটক করে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার এক মাদরাসা শিক্ষককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরটিভি/এসকে