শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৯:৫২ এএম
টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মঈন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড় পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী মঈন মাগুরা জেলার মনিরুজ্জামান ছেলে ও টাঙ্গাইলের সৃষ্টি একাডেমির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তারা টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, বন্ধুর জন্মদিনের পার্টির কথা বলে বাড়ি থেকে বের হয়ে টাঙ্গাইল সৃষ্টি একাডেমির নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় তিন বন্ধু পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের অপর বন্ধুরা দুইজনকে উদ্ধার করতে পারলেও মঈনকে তারা খুঁজে পায়নি।
পরে ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় অভিযান স্থগিত করা হয়।
টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিস স্টেশনের মুস্তাফিজুর রহমান খান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয়। শনিবার (২৭ জুন) সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হবে।
আরটিভি/আইএম