শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৫:১০ পিএম
ফরিদপুরের সদরপুর উপজেলায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে বিপ্লব মাতুব্বর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। অভিযোগ পেয়ে শুক্রবার (২৬ জুন) ভোর ৪টার দিকে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বিপ্লব মাতুব্বরকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ৪২ বছর বয়সী ওই নারী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে তার মেয়ের জামাই বিপ্লব মাতুব্বর ঘরে ঢুকে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে