শনিবার, ২৭ জুন ২০২৬ , ১০:৪৪ পিএম
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৮ বছরের শিশুকে মুখ বেঁধে ধর্ষণচেষ্টার অভিযোগে বাদল রবিদাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে গাছে বেঁধে পিটুনি দিয়ে ভালুকা মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মনোহরপুর গ্রামের ফকিরের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক বাদল রবিদাস পার্শ্ববর্তী দক্ষিণ হবিরবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার মনোহরপুর গ্রামে ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বাদল রবিদাস। এ সময় আশেপাশের লোকজন দেখতে পেয়ে বাদলকে হাতেনাতে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে পিটুনি দেয়। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী শিশুর বোন জানান, তার বোনকে একা পেয়ে শার্ট দিয়ে মুখ বেধে ও চোখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বাদল। এ সময় তার বোন বাদলকে কামড় দিয়ে ও চিৎকার করে আত্মরক্ষার চেষ্টা করে।
এদিকে আটক হওয়ার পর নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত বাদল রবিদাস। বাদল সাংবাদিকদের বলেন, মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম পাড়তে গিয়েছিলাম। অসাবধানতাবশত ওই শিশুর শরীরে একটু হাত লেগেছিল মাত্র। আমি কোনো অপরাধ করিনি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাদল রবিদাসকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুকেও থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।
আরটিভি/এমএইচজে