images

দেশজুড়ে

গাজীপুরে ১৬ বনকর্মীকে বেধড়ক পেটাল দখলদাররা, গাড়ি ভাঙচুর

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৪:৩২ পিএম

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমিতে অবৈধ দখল উচ্ছেদের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারী। এ সময় দখলদাররা একটি গাড়ি ভাঙচুর করে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ ও গাড়ি চালক সোহেলসহ কয়েকজন মুজুরিভিত্তিক কর্মচারী।

আরও পড়ুন
Web-Image---Copy

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিক্ষোভ, মহাসড়কে ২০ কিমি যানজট

বন বিভাগের কর্মকর্তারা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবদার তেলিহাটি মৌজায় বনের জমি দখল করে ঘর নির্মাণের সংবাদে উচ্ছেদ অভিযানে যায় বন বিভাগ। এসময় দখলদার দুলাল ও আরমানের নেতৃত্বে উচ্ছেদ বাধা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। উচ্ছেদে ব্যবহার করা শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়েছেন। বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের হলে দোষীদের গ্রেপ্তার করা হবে।

আরটিভি/এসআর