বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১০:০৭ এএম
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামের এক শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে বাড়ির মালিক আক্কাস আলী বোমাসদৃশ বস্তু ও চিরকুট দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আক্কাস আলীর বাড়ির সিঁড়ির নিচে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান বাড়ির লোকজন। তার পাশেই পড়ে ছিল সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট।
আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। আজ বুধবার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে গেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরটিভি/আইএম