images

দেশজুড়ে

গাঁজা জব্দের পর বিক্রির অভিযোগ, ওসি প্রত্যাহার

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৮:০৫ পিএম

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারীর বিরুদ্ধে উদ্ধার করা প্রায় ১৬০ কেজি গাঁজা মাদক কারবারিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রির অভিযোগ ওঠে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

আরও পড়ুন
shibir

মসজিদ থেকে বেরিয়ে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি গণমাধ্যমকে বলেন, একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

ওসি আবদুল বারী দাবি করেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, যদি অভিযোগ প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না। 

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম