বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৮:৫১ পিএম
গাইবান্ধার সদর উপজেলার পিয়ারাপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজ ছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার আসামি বাবা-ছেলেকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১ জুলাই) বিকাল ৩টার দিকে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের রেজাউল করিম ছানা (৫৫) ও তার ছেলে মো. নাসিরুল আহসান আকিব (৩৫)।
র্যাব জানায়, সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় একটি বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ৭ জুন রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফাহমিদ রুমন তার বড় ভাই ফারদিন রুহিতকে বাঁচাতে এগিয়ে যান।
এ সময় তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হামলায় তার বড় ভাই ফারদিন রুহিতও গুরুতর আহত হন।
এ ঘটনায় নিহত রুমনের মা ৯ জুন বাদী হিসেবে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মূল অভিযুক্তরা আত্মগোপন করে ছিলেন।
মামলার গুরুত্ব বিবেচনা করে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানকারী দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারছলা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে এক অভিযানে রেজাউল করিম ছানাকে গ্রেপ্তার করে র্যাব।
পরে, একই রাতে শ্রীপুরের মাওনা বাজার রোডের খোদাবক্স সুপার মার্কেট এলাকা থেকে তার ছেলে ও মামলার দ্বিতীয় অভিযুক্ত নাসিরুল আহসান আকিবকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এসএস