বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৫:৪৯ পিএম
ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ নামক ভবনে এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে।
গত দুই বছর যাবৎ তিনি কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে সকাল ৬টার দিকে তিশা ওই ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালের দিকে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছুই জানাতে পারেনি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বহুতল ভবনের ছয় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। পরীক্ষাসংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে