বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৯:০৬ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজার সংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দধিভাঙ্গা বাজারসংলগ্ন খালের স্লুইজ গেটে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে মরদেহটি উদ্ধার করেন। তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল। ব্যাগটি তল্লাশি করে কিছু নগদ টাকা, চকলেট, আচার, বিস্কুট, বাদাম এবং বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট পাওয়া যায়। উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও পরিচয় শনাক্তের অপেক্ষা করতে হবে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
আরটিভি/এমএইচজে