শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১২:৪৯ পিএম
জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিওপি ও রৌমারীর ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন।
আটকরা হলেন দত্তের চর গ্রামের জামরুজ আলীর ছেলে হাসানুজ্জামান (২৮), উঠানোর পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেল মিনাল মিয়া (২৫) ও বাট্টাজোড় নতুন বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হোসাইন সরকার।
শুক্রবার (৩ জুলাই) সকালে জামালপুর ৩৫ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুরে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেন।
একই রাতে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ৫৯ বোতল মদ উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা যায় নি।
এঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।
আরটিভি/এমএম